Saturday, December 3, 2016

একই শহরে

কবি-সাফিয়া খন্দকার রেখা
 
অস্থির চোখের ভাঁজে উড়ে যায়
ভোরের বাতাস,রোদ্দুর,মেঘ।
একটু আগে থেমে যাওয়া আজানের সুর থেমে গেলে
অবোধের মত উড়াই হৃদয়ের রঙিন ঘুড়ি।
আত্মপ্রহসনে ঢেকে যায় এমনি করেই
এ বেলা ও বেলা।
জানি আছে সে অন্য ঘরে,অন্য বুকে
আছি তো তবুও একই শহরে!!
যদিও নিস্পত্তি হয়না সহস্র প্রশ্নের
জলন্ত হাপড়ে ভেঙে পরে মধ্যরাতের শোক।
ঘ্রাণহীন নির্যাস নিয়ে ক্রোধের অনলে পোড়ে অনুভব,
অতঃপর নিজেকে নিজেই সাজাই
মৃত ইতিহাসের অনুগল্পে।
বিদ্যুৎ চমকানো সময়ে পানকৌড়ি এসে বলে যায়
হোক সে অন্য বুকে
আছে তবুও তোমার সে এই একই শহরে।
গ্রাস করে রাখে বিরহী নির্বোধ অনাদুরে সময় যত,
ঘ্রাণহীন শূন্যতায় পরিপূর্ণ তামাটে ঠোঁট।
অসম্পূর্ণ অধিকারে অবিরাম বেড়ে চলে অজস্র উদ্বেগ।
হৃদপিন্ডের মাঝে নির্মম ক্ষরণ,
যতটা পোড়ায় ততটাই লেখা হয়ে যায় ছত্রে।
এভাবেই হ্রদয়ের আঙিনায় খেলা করে শুঁয়োপোকা।
তৃষ্ণা কাতর পাখি বলে যায়
থাকুক সে অন্য আঙিনায়
তবুওতো ঘুম ভাঙে তোমাদের একই সূর্যোদয়ে
একই শহরের বুকে-----

No comments:

Post a Comment