Sunday, December 4, 2016

বাবুই পাখির ওম!

কবি-এবিএম সোহেল রশিদ

নাগরিকজীবন দেখা-অদেখা ইচ্ছে-অনিচ্ছার কৃতদাস
ঘটে যাওয়া ঘটনা প্রতিদিনকার কচলানো সমালোচনা
পত্রিকার পাতায় শিরোনামের খোঁজে ফেলে চোখবড়শি
নিজস্ব আঘাত লুকানোর প্রচেষ্টায় ব্যর্থ সম্মুখের ‘আরশি’!
.
পেটের ক্ষুধায় মানুষ কাতর! দেহের ক্ষুধায় শরীর পাথর
সময়নদীর তীরে দাঁড়ালাম আর এ সত্যটাও জানলাম
অচলায়তনের কতটুকু চিনি! কতটুকুই বা আমরা জানি!
শুধু শুধু পুরনো কাসুন্দি ঘাটি! দেখি বোবা চোখের নষ্টামি
.
দলছুট রাজহাঁস! সরোবরে ভাসায় একাকীত্বের দীর্ঘশ্বাস
মওসুম বদলে দেশান্তরী; ব্যর্থ নিয়তি! হাসে প্রকৃতি
ফানুসে মৈথুনের দৃশ্যকল্পে; পাল্টানো পঞ্জিকার সংকল্পে!
নিভে বিভ্রান্তির প্রদীপ! ঈর্ষার ফুলে হিংসার লোল-জিহ্ব
.
সত্যভাষণ বড় অপ্রিয়; তবু চিরন্তন বিবেকের সংলাপ!
সারস লম্বা ঠোঁটে ঘোলা পানিতে নিত্য খোঁজে সত্য শিকার
ক্ষতবিক্ষত হই! কিন্তু বিস্মিত নয় সময়ের চৌকাঠ!
ঘোড়সওয়ার যুবকের গায়ে আর কতকাল কষ্টের লালশার্ট
বেদনার নীল পেন্ট, বগলে সুখান্বেষণের কবিতার খাতা
দুর্গম পথের বাকে বাকে বিরহের রুমালে ওড়ায় অতীত!
সিন্দুকে বন্দি নিন্দুকের উচ্ছ্বাস আর মর্মপীড়ার উপাখ্যান!
পোষা মৃগয়ার কানে জোনাকি আর ঝিঁঝিঁ পোকার সঙ্গীত
.
বাঁশের বাঁশরীতে নয় প্রত্যাশার প্রদীপ। কুয়াশা জড়ানো শীত!
সুরেলা আর্তনাদের মোহিনীয় রূপ! সুরছন্দের প্রাকৃতিকরূপ!
বাদকের চাতুর্যে চোখপাপড়িতে রাত! হাসে আঁধপোড়া চাঁদ!
স্বরলিপি পুড়ে সোনামেঘ ওড়ে, হৃদয় ঝরে! সবুজ ভ্রূণ নড়ে!
বয়স্ক চিতা কিংবা হরিণ শাবকের মুখাপেক্ষী এখন ক্ষুধার্ত চুম
চাই বিশ্বাস-আলোয় পালকের লাজুক ছোঁয়ায় বাবুই পাখির ওম!

2 comments: