Monday, December 5, 2016

বিমুগ্ধ আমি

কবি-এলিজা আজাদ

বিমুগ্ধ আমি তোমার ভালোবাসায়
ইচ্ছে হয় রাতজাগা বিড়ালচোখ তোমার
মুখের দিকে তাকিয়ে থাকি
কি মায়ায় ভরা মুখখানি তোমার
যেন, স্নেহ-মমতার আধার
এতো ভালোবাসা ওই বুকে কেমন করে ধারণ করেছ প্রিয়?
আমি স্পষ্ট দেখতে পাই সমুদ্রঝড় বেগে
উথালপাতাল ভালোবাসা তোমার বুকে আছড়ে পড়ছে
আর আমি লেজদোলা সবুজ পাখি সুখে,
থেকে থেকে ডুব দিচ্ছি দুধসাদা সমুদ্রজলে
বুকের ভেতর একটা দোয়েল অহর্নিশ নেচে চলেছে
তোমাকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখবার
প্রাণপণ অভিপ্রায় ওর
আমার হাতে গাঁথা মুঠো মুঠো শব্দ তোমার
মায়াবী কোলে বিছিয়ে দিয়ে-
ওরা যদি ইচ্ছেখুশিতে ঘুমিয়েও পড়ে
ওদের জাগাবার নেই প্রয়োজন
আমার ভালোবাসা তোমার মাঝেই তার
সীমান্তপথ খুঁজে পেয়েছে
প্রিয়, বুকের পাঁজর ভেদ করে হেঁটে চলে এসো,
নির্বিঘ্নে গহীন থেকে গহীনে।

No comments:

Post a Comment