Saturday, December 3, 2016

গতানুগতিক আমি

কবি-এলিজা আজাদ
 
কুয়াশায় ঢেকে গেছে মেঘ
রাত্রির আকাশে খালিচোখে দেখিনি একটিও তারা
হয়তো, ওরাও মেঘের আড়ালে বিশ্রাম নিচ্ছে
বেশ শীত শীত আমেজ নিয়ে রাতটা পার করেছি
মাথার ওপরে স্লো স্পিডে ফ্যান
শরীরে জড়ানো পাতলা কম্বল
আমিও গুটিসুটি
গতরাতের ঘুমটা মন্দ হয়নি
ভোরের হালকা বাতাস গায়ে শীতলতা ছড়িয়ে যাচ্ছিল
তবু ফুলস্লিভ কিছু একটা বা গরম শালে নিজেকে জড়াতে একটুও ইচ্ছে করছিল না
ব্যালকণিতে দাঁড়াতেই বুঝে গেলাম
ভোরের রোদ্দুর আজ ছোঁবে না আমাকে
আমার মতোই ভীষণ অভিমানে প্রায়শই ফেটে পড়ে
অথচ, শীতকাল আমার প্রিয় ঋতু
প্রিয় শীতকালীন সবজি-খেজুরের রস আর
ভোরের রোদ্দুর
এই যান্ত্রিক জীবন মুক্তি দিয়েছে আমার মায়ের মতো, ভাঁপা-পুলি-পাটিসাপটা-দুধ চিতোই আরো
রকমারি পিঠার হাত থেকে
এখন ভালো বেকারি শপগুলোতে মোটামুটি
সবরকম পিঠাই কিনতে পাওয়া যায়
কিন্তু, মায়ের হাতে বানানো পিঠার স্বাদ পাইনা তাতে
আমার বাচ্চারা বলে, আগে তুমি কতরকম পিঠা বানাতে
এখন সব কি ভুলে গেছ মা?
আমি ঘরকুনো একজন মানুষ
নেই তেমন কোনো কাজেকর্মের চাপ
অঢেল সময়ের হাতে হাত রেখে পথচলা
অথচ, মস্তিষ্ক জগতে চলছে চিন্তারাজ্যের
মারমার-কাটকাট খেলা
তবু সময়গুলো কোথা দিয়ে এত দ্রুততার সাথে চলে যাচ্ছে!!
তা বুঝে ওঠার আগেই দেখি আরো অনেককিছুতে অনভস্থ্য হয়ে গেছি!!
বুঝতে পারিনা, আমি সময়কে পিছনে ফেলে এসেছি?
নাকি সময় আমাকে পিছনে রেখে সামনের দিকে ধাবমান?
এত পরিবর্তন এত নিয়মের হেরফের এর মাঝেও 'তুমি' নামক শব্দটি বুকের মাঝে খচখচ করে বেঁধে!!
আজ আকাশের মন ভালো নেই রোদ্দুর নেই বলে!
আমার কি তবে আজন্মকাল মন খারাপই থেকে যাবে,
তুমি নেই বলে?
ডানদিকে তাকাই তুমি নেই!
বামদিকে তাকাই তুমি নেই!
সামনেপিছনে-উত্তরদক্ষিণে কোনোদিকেই তুমি নেই!
আর আমি গতানুগতিক পথের নীরব এক যাত্রী
হেঁটে চলেছি অজানা পথের দিকে
এখন কোনো ভয় আমাকে ছুঁতে পারেনা
যেমনটি ছোঁওনা তুমি আর আমাকে!!

No comments:

Post a Comment